বিস্তারিত সংবাদ
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরু হয়েছে
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।
আজকের বৈঠকে বিশেষ করে কমিটির কার্যতালিকা নির্ধারণ করা হবে। এ ছাড়া সংবিধানের পঞ্চম সংশোধন বিষয়ে আদালতের রায়ের কপিটি পর্যালোচনা করা হবে।
আদালতের নির্দেশনার বাইরেও সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর ব্যাপারে তারা একটি তালিকা তৈরি করবে। কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে সংবিধানের সংশোধনীগুলো নিয়েও আলোচনা করবে।
বৈঠক শেষে প্রধান বিরোধী দল বিএনপিকে কমিটিতে সদস্য দেওয়ার জন্য আহ্বান জানানো হবে বলে জানা গেছে। যদি তারা কোনো সদস্য না দেয়, তবে তাদের মতামত চাওয়া হবে। এ ছাড়া সংসদে প্রতিনিধিত্ব নেই এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কমিটি আলোচনা করবে বলে জানা গেছে।
এদিকে ১৫ সদস্যের এই কমিটির দুই সদস্য আবদুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম আজকের বৈঠকে যোগ দেননি। একই সঙ্গে আজকের বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদকে আমন্ত্রণ জানানো হলে তিনিও যোগ দেননি।
কমিটির অন্য সদস্যরা হলেন কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, রহমত আলী, শিরিন শারমীন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ; জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ; ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনু।
গত ২১ জুলাই সংসদে সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গঠন করা হয়। এর আগে ১৮ জুলাই প্রধান বিরোধী দলের কাছে এ কমিটির জন্য নাম চেয়ে সরকারি দল চিঠি পাঠায়। কিন্তু বিরোধী দল নাম দেয়নি।
পাতাটি ১৬ বার প্রদর্শিত হয়েছে।
সংগ্রহকারী:

রিফাত
আলুপট্টির মোড়
রাজশাহী
মন্তব্য করতে লগিন করুন